মাগুরায় কৌশলে টাকা চুরি করল দুই বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দুই বিদেশি কৌশলে প্রায় লাখ টাকা চুরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিডিওচিত্র দেখে গত দুই মাসে এমন তিনটি চুরির ঘটনায় তাঁদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সবশেষ চুরির ঘটনা ঘটে গত মঙ্গলবার দুপুরে। ১২টার দিকে দুই বিদেশি মাগুরা-যশোর সড়কের পাশে গাড়ি পার্ক করে ফাতেমা ফিলিং স্টেশনে মবিল কিনতে যান। টাকা পরিশোধ করতে তাঁদের একজন ক্যাশিয়ারের কক্ষে ঢোকেন। অন্যজন ওই কক্ষে থাকা কম্পিউটার অপারেটরকে ডেকে বাইরে নিয়ে গল্প করেন। ক্যাশিয়ারের কাছ থেকে নতুন টাকা চেয়ে তিনি কৌশলে ক্যাশ থেকে টাকা চুরি করেন। এর প্রায় আধা ঘণ্টা পর তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার ওয়াপদায় এশিয়া ফিলিং স্টেশনে গিয়ে একই কায়দায় টাকা চুরি করেন।
ফাতেমা ফিলিং স্টেশনের কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) মিন্টু মোল্লা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, রাতে ক্যাশ মেলাতে গিয়ে ৪৩ হাজার ৫০০ টাকা চুরির বিষয়টি ধরা পড়ে। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে পুলিশ নিশ্চিত হয় চুরির এই ঘটনায় ওই দুই বিদেশি জড়িত।
এশিয়া ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সেলিম বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুই বিদেশি আমাদের ৪৫ হাজার ৫০০ টাকা চুরি করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারিনি। পরে ভিডিওচিত্রে চুরির ঘটনা দেখে বিস্মিত ও হতবাক হই।’
শহরের মুঠোফোন ব্যবসায়ী বাবুল কবির বলেন, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় মাঝবয়সী দুই বিদেশি পেনড্রাইভ কিনতে তাঁর দোকানে আসেন। তাঁদের একজন নারী। পেনড্রাইভের টাকা পরিশোধের সময় কৌশলে তাঁরা ক্যাশ থেকে ৬ হাজার টাকা চুরি করেন। এ সময় ওই বিদেশি দোকানের অন্য কর্মচারীদের নানা ছলে ব্যস্ত রাখেন। পরে ভিডিওচিত্র দেখে তাঁরা চুরির ঘটনা নিশ্চিত হন।
এ তিনটি ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ ছাড়া শহরের নতুন বাজারের একটি ওষুধের দোকানের মালিক সুশান্ত বিশ্বাস বলেন, গত মাসের মাঝামাঝি সময় এক দুপুরে দুই বিদেশি একটি ওষুধ কেনার জন্য তাঁর দোকানে আসেন। ভাঙতি টাকা দেওয়ার সময় তাঁদের একজন বারবার ক্যাশে হাত দিচ্ছিলেন। নিষেধ করলে হেসে ওই বিদেশি বলেন, ‘ডু ইউ নো ইংলিশ?’। এরপর তাঁরা দ্রুত চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, ‘পেট্রলপাম্পের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র এবং শহরে পুলিশের স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওচিত্র দেখে আমরা ওই দুই বিদেশি ও তাঁদের ব্যবহৃত গাড়ি শনাক্ত করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’