মাগুরায় গুলি, বর্জন, স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্তত তিনটি কেন্দ্রে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির এক চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেন। একটি কেন্দ্রে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্র দখল করে সিল মারা, ব্যালট ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে শালিখার গঙ্গারামপুর ইউপির বামনখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র দখল করেন নৌকা প্রতীকের সমর্থকেরা। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তপন কুমার ঠাকুর বলেন, তিন শতাধিক লোক কেন্দ্র দখল করে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে দুই ঘণ্টা ধরে সিল মারেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি গুলি ছোড়ে।
পরে নির্বাচন কমিশন কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করে। দুপুর ১২টার দিকে খাটর রামানন্দকাঠি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নেন নৌকা প্রতীকের সমর্থকেরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে পাঁচটি গুলি ছোড়ে। প্রিসাইডিং কর্মকর্তা প্রভাত কুমার রায় বলেন, ৪০০-৫০০ লোক কেন্দ্র দখলে নিয়ে অন্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মারা শুরু করেন। পুলিশ গুলি ছুড়লে কেন্দ্র ফাঁকা হয়ে যায়। আধা ঘণ্টা পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
নৌকা প্রতীকের সমর্থকেরা বেলা দুইটার দিকে দক্ষিণ শরুশুনা মাদ্রাসাসংলগ্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি গুলি ছুড়ে তাঁদের হটিয়ে দেয় বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস। এ ছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ওপর প্রভাব বিস্তারসহ জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ অন্যান্য অভিযোগে মহম্মদপুরের বিনোদপুর ইউপিতে বিএনপির প্রার্থী আলী আজম সাবু দুপুর ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই পরিস্থিতিতে নির্বাচন বর্জন করা ছাড়া তাঁর উপায় ছিল না।
বিনোদপুর ইউপির ঘুল্লিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে দুই সদস্য প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এ কারণে ১৫-২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। বালিদিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. অছিউজ্জামান বলেন, ‘নৌকা প্রতীকের সমর্থকেরা বেলা সাড়ে ১১টার দিকে আমার কাছে এসে বেলা ১২টার পর থেকে কেন্দ্র দখলে নিয়ে তাঁরা ভোট করবেন বলে দাবি জানালে আমি অপারগতা প্রকাশ করি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’
সকাল সাড়ে ১০টার দিকে ফলশিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘোরাফেরা করছেন।
এ কেন্দ্রের কয়েকটি বুথে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে ভোটারদের বাধ্য করা হচ্ছিল। বাবুল আক্তার নামের নৌকা প্রতীকের এজেন্ট প্রথম আলোকে বলেন, ‘সমস্যা নেই। আমি নৌকার লোক। সব ঠিক আছে।’ প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কিছু সময় আগে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলী বলেন, কমিশনের নির্দেশে শালিখার বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। এ ছাড়া দুই উপজেলায় উদ্ভূত পরিস্থিতিতে ২৯টি গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মহম্মদপুরে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে তাঁদের ছেড়ে দেন।