মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ প্রসূতি ও নবজাতকের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রসূতি সদর হাসপাতালের গাইনি এবং নবজাতক শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছেন। প্রসূতির জ্ঞান ফিরেছে।
চিকিৎসকেরা আশঙ্কা করছেন, বুলেটের আঘাত লাগায় নবজাতকের একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতক শ্বাসকষ্টে ভুগছিল।
গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন (৩৫) গুলিবিদ্ধ হন। এ সময় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বোমার আঘাতে জখম এবং এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। আহত দুজনও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই দিন রাতে গুলিবিদ্ধ মাগুরা সদর হাসপাতালে প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশুর জন্ম দেন নাজমা খাতুন।
গৃহবধূর অস্ত্রোপচারকারী চিকিৎসক শফিউর রহমান প্রথম আলোকে বলেন, গৃহবধূর তলপেট বিদ্ধ করে বুলেটটি গর্ভে থাকা শিশুটিকে ভেদ করে পেটের মাংসপেশির ভেতর আটকে ছিল। গর্ভে থাকা অবস্থায় শিশু গোল হয়ে পেঁচিয়ে থাকে। ফলে নবজাতকের হাত, গলা ও চোখে বুলেটের আঘাত লেগেছে। চোখের ভেতরে ঢুকে বুলেটটি বের হয়ে যাওয়ায় চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
পুলিশ, ছাত্রলীগ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দোয়ারপাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়ার পক্ষের সঙ্গে সংগঠনটির সাবেক কর্মী আজিব্বর শেখ ও মুহম্মদ আলীর পক্ষের সংঘর্ষ বাধে গত বৃহস্পতিবার। আগের ঘটনার জের ধরে আজিব্বর শেখ ও মুহম্মদ আলীর সমর্থকেরা কামরুল ভূঁইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার স্ত্রী নাজমা খাতুন তলপেটে গুলিবিদ্ধ এবং চাচা মমিন ভূঁইয়া (৬৫) বোমার আঘাতে আহত হন। এ ছাড়া তারা মিরাজ শেখ (২৭) নামে কামরুল ভূঁইয়ার এক সমর্থককেও কুপিয়ে জখম করে।
এই ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক অনিমা বিশ্বাস।
আজিব্বর শেখ গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কামরুল ভূঁইয়াদের হামলা থেকে জীবন বাঁচাতে আমি পালিয়ে যাই। অথচ একই সময় কামরুলের ভাবি গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। ঘটনাটি রহস্যজনক।’
জানতে চাইলে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, বিবদমান দুই পক্ষের কেউই ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়। তাঁরা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী।
হুমকি: মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম মুঠোফোনে গতকাল দুপুর ১২টার দিকে ফোন করে এ প্রতিবেদককে হুমকি-ধমকি দেন। তিনি বলেন, ‘আপনি বারবার ছাত্রলীগের বিরুদ্ধে নিউজ করেন। মাগুরাতে কি আর কোনো সাংবাদিক নেই? এর আগেও আপনি ছাত্রলীগের বিরুদ্ধে নিউজ করেছেন, আপনাকে কিছু বলিনি। এখন আর সহ্য করব না। এই নিউজের দায়ভার আপনাকে নিতে হবে। এর ফল আপনাকে ভোগ করতেই হবে।’ তিনি বলেন, ‘এই নিউজের একটা উল্টো নিউজ করে দেবেন। আপনি ছাত্রলীগের পেছনে লেগেছেন। আপনি ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে শিবির-বিএনপির পক্ষে কাজ করছেন।’
ছাত্রলীগ নেতার হুমকির বিষয়টি এই প্রতিবেদক গতকাল তাৎক্ষণিকভাবে মুঠোফোনে পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহকে জানিয়েছেন।