মাগুরায় গ্রাহকদের টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় জনতা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পাঁচ শতাধিক গ্রাহকের অন্তত চার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। আমানতকারীরা প্রতিদিন তালাবদ্ধ অফিসের সামনে ভিড় করছেন। এক আমানতকারী থানায় মামলাও করেছেন।
জেলা সমবায় কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের খন্দকার আবুল কালাম আজাদ ২০১৩ সালের ১০ জানুয়ারি মাগুরা সমবায় কার্যালয় থেকে ‘জনতা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানের নিবন্ধন নেন। ‘আয় থেকে দায় শোধ, সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন হউক’, এমন আকর্ষণীয় স্লোগান দিয়ে প্রতিষ্ঠানটি মাগুরায় কার্যক্রম শুরু করে। শহরের ভায়নার মোড়ে আল আমিন মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটি মাসিক পাঁচ হাজার টাকা চুক্তিতে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। আটজন কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতেন। মূল দায়িত্বে ছিলেন শাখা ব্যবস্থাপক শ্রীপুরের জয়নগর গ্রামের প্রভাষ বিশ্বাস।
আমানতকারী মাগুরা গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আজিজুর রহমান বলেন, তিনি তাঁর পেনশনের ছয় লাখ টাকা এককালীন আমানত (ডিপিএস) হিসেবে জমা করেছিলেন। এ ছাড়া প্রতি মাসে দেড় হাজার টাকা জমা দিতেন। সব মিলে এখন তাঁর প্রায় ৯ লাখ টাকা গচ্ছিত রয়েছে। সঞ্চয়ের ওপর ১৮ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়ায় এখন তিনি দিশেহারা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ ১০ জনের বিরুদ্ধে ২ এপ্রিল তিনি মামলা করেছেন।
জনতা কো-অপারেটিভ সোসাইটির শহরের ভায়না মোড়ে যে বাড়িটি ভাড়া নিয়েছিল সেই বাড়ির মালিক মো. হাফিজুর রহমান জানান, ঘরভাড়ার সব টাকাই তিনি ওই প্রতিষ্ঠানে গচ্ছিত রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে চলে যাওয়ায় তাঁর মাথায় হাত। এ ছাড়া প্রতিদিন আমানতকারীরা অফিসে এসে ভিড় করছেন। চড়াও হচ্ছেন। এ কারণে তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছেন।
চার দিন ধরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শাখা ব্যবস্থাপকের মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়। অন্য কর্মচারীদের মুঠোফোনও বন্ধ রয়েছে। তবে গতকাল শুক্রবার বিকেলে মো. ইউনুস আলী নামের প্রতিষ্ঠানের এক আমানত সংগ্রহকারীর মুঠোফোন খোলা পাওয়া যায়। তিনি বলেন, একটা ঝামেলার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এক সপ্তাহের মধ্যে আবার চালু হবে।
মাগুরা সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে দেখছে। মূলত এই প্রতিষ্ঠানকে যাঁরা নিবন্ধন দিয়েছেন তাঁরা এর জন্য দায়ী।
মাগুরা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ নূরুল কুদ্দুস বলেন, শর্তানুযায়ী ওই প্রতিষ্ঠান স্থায়ী আমানত সংগ্রহ করতে পারবে না। শুধু সদস্যদের কাছ থেকে ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করতে পারবে। আমানত সংগ্রহের খবরে তাঁরা আমানত সংগ্রহ বন্ধ করে দেন। কিন্তু পরে তারা গোপনে আবার চালু করে। গত ২৭ মার্চ ওই প্রতিষ্ঠানে পরিদর্শনের পরদিনই তারা উধাও হয়ে যায়। তাই পরদিন থানায় জিডি করা হয়েছে।
সৈয়দ নূরুল কুদ্দস আরও বলেন, ‘অধিক মুনাফার আশায় অসচেতন মানুষজন এসব জায়গায় আমানত রাখেন। বাস্তবতা হলো, এগুলো নিয়ন্ত্রণ করা মুশকিল। আমরা ধারণা করছি তাদের আমানতকারী বা সুবিধাভোগীর সংখ্যা ৫০০-৭০০ হবে। আমানতের টাকাও পাঁচ কোটি টাকার বেশি হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে। ক্ষতিগ্রস্তদের মামলা করা ছাড়া সমবায় বিভাগ থেকে এ ব্যাপারে গ্রাহকদের জন্য কিছুই করার নেই।’