মাগুরায় গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনামুল কবিরকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে মাগুরার ভায়না বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তাঁদের কাছে খবর ছিল এনামুল কবির মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাতায়াত করতেন। এ জন্য তাঁকে ধরতে কৌশল গ্রহণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার সকালে তিনি মাগুরা হয়ে ঢাকায় যাবেন। সে অনুযায়ী পুলিশের একটি দল ওত পেতে থাকে। পরে বেলা ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকায় এসে পৌঁছান এনামুল। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

তারিকুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর সার্জেন্ট (বরখাস্ত) এনামুল কবির মাগুরার শালিখা উপজেলার কাতলি গ্রামের ইমারত হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ওই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আজ দুপুরে আসামি এনামুল কবিরকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন এর আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।