মাগুরায় ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
মাগুরায় আধিপত্য বিস্তার করা নিয়ে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গুলিবিদ্ধ ও এক বৃদ্ধ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ সংগঠনটির ১৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
নিহত মমিন ভূঁইয়ার (৬৫) ছেলে রুবেল ভূঁইয়া গতকাল রোববার মাগুরা সদর থানায় এ মামলা করেন। মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে (৩২) প্রধান আসামি করা হয়। এ ছাড়া আজিব্বর শেখ, মুহম্মদ আলীসহ মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী। পদ-পদবিতে না থাকলেও তাঁরা সংগঠনটির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
প্রধান আসামি সেন সুমন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের ঘনিষ্ঠজন বলে পরিচিত।
এদিকে মামলার কথা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী প্রথম আলোকে বলেন, ‘আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। শুক্রবার রাতে ফরিদপুর থেকে মো. সুমন (৩০) নামে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় মুহম্মদ আলী তাঁর মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ছাড়া আরেক আসামি মো. সুবহানকে (২৮) ঘটনার পরদিন গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন হিসেবে মুহম্মদ আলীর ভাই ফারুক হোসেনকে (৪২) আটক করা হয়েছে।’