মাগুরায় ছাত্রী পাচারের শিকার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার এক স্কুলছাত্রী ভারতে পাচারের শিকার হয়েছে। এ ঘটনায় গত শনিবার আবদুল আলিম (৩৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
আবদুল আলিম আড়পাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক। তাঁকে শনিবার বিকেলে আড়পাড়ার ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ। এই বাড়িতেই তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। মেয়েটির বাবা গ্রাম পুলিশের চাকরি করেন।
মেয়েটির বাবা বলেন, তাঁর মেয়ে (১৪) ৪ মার্চ ভোরে শিক্ষক আলিমের বাসায় প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজ নিতে গেলে শিক্ষক আলিম বলেন, মেয়েটি প্রাইভেট পড়ে চলে গেছে। পরে এ ঘটনায় তিনি শালিখা থানায় লিখিত অভিযোগ দেন।
শালিখা থানার উপপরিদর্শক (এসআই) বিশারদ হোসেন বিষয়টি তদন্তের দায়িত্ব পান। তিনি প্রথম আলোকে বলেন, মেয়েটির পরিবার গত শনিবার দুপুরে পুলিশকে জানায়, তারা মেয়েটির সন্ধান পেয়েছে। সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিলু হাওড়ার ‘এসএমএন সেভ হোম’-এ আছে। সেখান থেকে ৯ মার্চ সন্ধ্যায় সে তার বাবাকে ফোন করেছে।
শালিখা থানা-পুলিশ বলছে, তারা ওই সেভ হোমের সঙ্গে যোগাযোগ করে। মেয়েটি এবং সেভ হোমের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ঘটনার দিন মেয়েটি প্রাইভেট পড়তে গেলে শিক্ষক আবদুল আলিম তাকে কৌশলে আড়পাড়া থেকে মাগুরা শহরে নিয়ে যান। সেখানে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে তাকে বসিয়ে রাখেন। কিছুক্ষণ পর দুই যুবক আসেন। তাঁরা মেয়েটিকে জোরপূর্বক একটি ওষুধ খাওয়ালে সে চেতনা হারিয়ে ফেলে। পরে যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে একটি কাভার্ড ভ্যানের মধ্যে আবিষ্কার করে মেয়েটি। তখন তার সঙ্গে তিন যুবক ছিলেন। একপর্যায়ে হাওড়ায় ট্রেনে টিকিট কাটার সময় মেয়েটি ডাকচিৎকার শুরু করলে ওই তিন যুবক পালিয়ে যান। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে পুলিশের কাছে দেয়। পুলিশ তাকে সেভ হোমে পাঠায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মেয়েটিকে শিক্ষক আলিমই ভারতে পাচার করেন বলে তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। আটক হওয়া আলিম ঘটনাটি সম্পর্কে সন্দেহজনক কথাবার্তা বলেছেন। তাঁর মুঠোফোনে সন্দেহজনক কিছু নম্বরে কথা বলার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তার আগে শিক্ষক আলিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।