মাগুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী তুষারসহ আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী তুষার শেখকে (৩৫) দুই সহযোগীসহ গত বুধবার রাতে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া নিয়মিত অভিযানে বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও আটজনকে আটক করেছে ডিবি।
মাগুরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, তুষার সহযোগীদের নিয়ে মাগুরা শহরের ঢাকা রোডের কাঁচাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে বুধবার রাতে সড়কে ডাকাতি করার জন্য গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি। এ সময় তুষার শেখ, তাঁর সহযোগী শিমুল ও সোবহানকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ডিবি জানায়, তুষার শেখ জেলার শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মাগুরা, মহম্মদপুর, শালিখাসহ বিভিন্ন থানায় কমপক্ষে নয়টি মামলা রয়েছে। তুষার শহরের মোল্যাপাড়া এলাকার আহম্মদ শেখের ছেলে।
এদিকে ডিবি পুলিশ বুধবার রাতে ও গতকাল সকালে শ্রীপুরের ওয়াপদা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মিজান এবং শহরের দোয়ারপাড় থেকে ইয়াবা বড়িসহ চান মিয়া, শেফালী, তৃপ্তি, বিকাশ, রাজু, পিন্টু ও কালা তুষারকে আটক করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আটক সবাইকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।