মাগুরায় দুই ডাকাতদলের 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ফকরুল শেখ (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার যশোর-মাগুরা সড়কের ছোনপুর ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, ফকরুল একজন ডাকাত। দুদল ডাকাতের বন্দুকযুদ্ধের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের ভাষ্য, তিন দিন আগে পুলিশ তাঁকে বাড়ি থেকে আটক করে। গতকাল তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ছোনপুর ঢাল এলাকায় দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে, এমন খবর পেয়ে রাত ১ টা ৫০ মিনিটের দিকে একদল পুলিশ সেখানে যায়। ততক্ষণে গোলাগুলি বন্ধ হয়। পরে পুলিশ সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকালে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
তাঁর নাম ফকরুল শেখ। তিনি মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের বাসিন্দা। ওসি আরও বলেন, ফকরুল একজন ডাকাত। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।
যোগাযোগ করা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, রাত সোয়া তিনটার দিকে পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত অবস্থায় আনায় তাঁকে ভর্তি বা চিকিৎসা দেওয়া হয়নি। গুলিতে তাঁর মাথার খুলি উড়ে গিয়েছিল।
জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ছয়রুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি রামদা, তলোয়ার, লোহার রড ও চারটি বন্দুকের খোসা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে মাগুরা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ফকরুল শেখের দুই স্ত্রী ও পাঁচ সন্তান কাঁদছেন।
কাঁদতে কাঁদতে ফকরুলের স্ত্রী কাজল বেগম প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেল ৪টার দিকে তিনটি মোটরসাইকেলে সাদাপোশাকের ছয়জন পুলিশ তাঁদের বাড়িতে যায়। ওই সময় তাঁর স্বামী ফকরুল ঘুমোচ্ছিলেন। পুলিশ তাঁকে ঘুম থেকে ডেকে তুলে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। আজ খবর পেয়ে তাঁরা সকালে হাসপাতালে আসেন। তাঁকে পুলিশ ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। কাজল বেগম বলেন, ‘আমি এই হত্যার বিচার চাই।’
জেলার সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ফকরুলকে ধরে এনেছে—এমন অভিযোগ সঠিক না।’