মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে গতকাল বুধবার দুপুরে মণ্ডলগাতি ও রো-নগর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিদগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার বনগ্রাম কিমস মাধ্যমিক বিদ্যালয়ে দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়। তাদের একজনের বাড়ি উপজেলার মণ্ডলগাতি ও অন্যজনের বাড়ি রো-নগর গ্রামে।
গতকাল বুধবার স্থানীয় নহাটা পুলিশ ফাঁড়ির দুই উপপরিদর্শক দুই গ্রামের লোকজনকে নিয়ে বনগ্রাম স্কুলমাঠে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিস বৈঠকে বসেন।
সালিস চলাকালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মণ্ডলগাতি ও রো-নগর গ্রামের লোকজন ডাঙ্গাপাড়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৬৫টি গুলি ছোড়ে পুলিশ। আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতাল, মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুই ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে আহত মনোয়ার হোসেন, মহম্মদ আলী, মো. সলেমান, কবির মোল্লা, দুখু মিয়া, আলাউদ্দিন, ইমারত, আকবর, শাহাবুর, মনিরুল, আবু ফয়সাল, আবদুল করিমসহ মোট ১৩ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি মণ্ডলগাতি গ্রামে। রো-নগর গ্রামের অন্তত ২০ জনকে পাশের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সংঘর্ষ চলাকালে ডাঙ্গাপাড়া বাজারের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি দোকানের পেট্রলের ড্রাম বিস্ফোরণে অন্তত ছয়জন দগ্ধ হন। তাঁদের মধ্যে ইমান আলী, শফিকুল ইসলাম ও মো. সোহাগকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া অন্তত পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও মালামাল লুট করা হয়। সংঘর্ষের সময় গুলিতে ছয়-সাতজন আহত হন। পুলিশের গ্রেপ্তার এড়াতে আহত ব্যক্তিরা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গুলি ছোড়ার কথা স্বীকার করে মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, রো-নগর ও মণ্ডলগাতি গ্রামের লোকজন ওই সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে।