মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষ চারটি গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত। এতে দুই পক্ষের অন্তত আট-১০জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৪টি গুলি ছোড়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মণ্ডলের বিরোধ চলে আসছে। ওই বিরোধের কারণে দুজনের সমর্থকদের মধ্যে একাধিকবার হামলা, পাল্টা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ২৩ এপ্রিল এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ওই বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আব্দুল হালিম মোল্লা দলীয় মনোনয়ন পাওয়ায় ইউসুফ আলী মণ্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। গতকাল রাতেও দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এমনকি তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতিও নেয়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি সামাল দেয়। কিন্তু আজ সকাল সাড়ে সাতটার দিকে আব্দুল হালিম মোল্লার এক সমর্থককে ইউসুফ আলী মণ্ডলের এক সমর্থক কটূক্তি করেন। পরে সকাল আটটার দিকে এ নিয়ে গয়েশপুর গ্রামে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা ওই সংঘর্ষ পরে বাগবাড়িয়া, ছাবিনগর ও জোকা গ্রামে ছড়িয়ে পড়ে। চলে বেলা দেড়টা পর্যন্ত। সংঘর্ষে দুই পক্ষের ৮-১০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৪৪টি গুলি ছোড়ে।
বিদ্রোহী প্রার্থী ইউসুফ আলী মন্ডল প্রথম আলোকে বলেন, ‘আব্দুল হালিমের লোকজন গত তিন দিনে গোলাম রসুল, এরশাদ হোসেন ও বাটুল হোসেন নামে আমার তিন কর্মীকে মেরেছে। তাই আমি আর বসে থাকতে পারিনি।’ তিনি দাবি করেন, পুলিশের গুলিতে এক নারী আহত হন। তবে তিনি তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি।
অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম মোল্লা প্রথম আলোকে বলেন, নির্বাচন তাঁর (ইউসুফ মন্ডল) পক্ষে নেই বুঝতে পেরে সে এই গ্যাঞ্জাম মারামারি করছে। পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তিনি অভিযোগ করেন, সংঘর্ষে তাঁর চার সমর্থকের বাড়ি ও তিনটি দোকান ভাঙচুর করেছে প্রতিপক্ষরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রাম্য রাজনীতি, দলাদলি আর আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ ৪৪টি গুলি ছুড়েছে। ওই ঘটনায় তিনটি ঢাল উদ্ধার এবং বাহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।