মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
মাগুরার মহম্মদপুর উপজেলার একটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে আকবর শেখ (৭০) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য মারা গেছেন।
মারা যাওয়া আকবর শেখ উপজেলার দীঘা ইউনিয়নের আওনাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জানান, সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি রিয়াজুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ চলাকালে আমার সামনেই আকবর শেখ স্ট্রোকে মারা যান। সম্ভবত আতঙ্কগ্রস্ত হয়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।’
তবে আকবর শেখের স্ত্রী রেনু বেগম দাবি করেন, প্রতিপক্ষ তাঁর স্বামীকে হত্যা করেছে। তিনি এর বিচার দাবি করেন।
থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, এলাকায় আধিপত্য নিয়ে দীঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আছাদুজ্জামানের সঙ্গে ইউপি সদস্য আবু জাফর শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁরা দুজনই আওয়ামী লীগের কর্মী। এলাকায় দুজনই দুটি পক্ষের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাফর শেখের এক সমর্থক মো. আছাদুজ্জামানের এক সমর্থককে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা লাঠি, ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করেন। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলে। এ সময় চার-পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে রাত আটটার দিকে আতঙ্কিত হয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আকবর শেখ স্ট্রোকে আক্রান্ত হন। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সাবেক চেয়ারম্যান মো. আছাদুজ্জামানের সমর্থক। এ ছাড়া গুরুতর আহত একজনকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।