মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর চরপাড়া গ্রামে আজ রোববার ভোরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রিয়াবুল ইসলাম (২৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী শফি মোল্লার সঙ্গে আরেক আওয়ামী লীগ কর্মী চাঁদ আলীর বিরোধ চলছিল। গতকাল শনিবার রাতে শফি মোল্লার সমর্থক বাদশা মিয়ার বাড়িতে কে বা কারা ইটপাটকেল ছোড়ে। এর জের ধরে আজ ভোর সাড়ে চারটার দিকে শফি মোল্লার সমর্থকেরা চাঁদ আলীর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারিতে রিয়াবুল ইসলাম নামে এক ব্যক্তি বুকে সড়কিবিদ্ধ হয়ে মারা যান। তিনি শফি মোল্লার সমর্থক এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বেশ কয়েকটি গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে তিন-চারটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কাউকে আটক করেনি। তবে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি।