মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শওকত মণ্ডল (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ সড়কের পশ্চিম রামনগর পার্কিং এলাকায় গত রোববার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শওকত মণ্ডল ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে আটটি মামলা রয়েছে। তবে এ বিষয়ে তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়ের ভাষ্যমতে, পুলিশ খবর পায়, ৮-১০ জনের একদল ডাকাত পশ্চিম রামনগর পার্কিং এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া তিনটার দিকে সদর থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিটের গোলাগুলির পর ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, নিহত ব্যক্তি ফরিদপুরের মধুখালী উপজেলার কোমরপুর গ্রামের ময়েন উদ্দিন মণ্ডলের ছেলে শওকত মণ্ডল।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ প্রথম আলোকে বলেন, ভোররাত চারটার দিকে পুলিশ বুকে দুটি গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা বলেন, ওই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শওকত মণ্ডলের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।