মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আমিনুল ইসলাম মোল্লা ওরফে লিটন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মাগুরা সদর উপজেলার কছুন্দি বড়ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আমিনুল সদর উপজেলার আজমপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
পুলিশের দাবি, আমিনুল আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় এবং মাগুরা সদর থানায় ডাকাতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তবে নিহত ব্যক্তির বাবা তাঁর ছেলেকে আটকের পর হত্যার অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে।
মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়ের ভাষ্যমতে, টহল পুলিশের একটি দল রোববার রাত পৌনে দুইটার দিকে মাগুরা সদর থানায় খবর দেয় কছুন্দি বড়ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এরপর সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ২০ থেকে ২৫ মিনিট গোলাগুলির পর ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আমিনুলকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি, বন্দুকের সাতটি গুলির খোসা, একটি শাবল, দুটি রামদা, একটি চাপাতি ও একটি গাছ কাটার করাত উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমিনুলের বাবা ইদ্রিস মোল্লা অবশ্য এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত শনিবার সকালে মাগুরা শহরের ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আমিনুলকে আটক করে সদর থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন। আমিনুল মালয়েশিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রোববার তাঁর ফ্লাইট ছিল।
এসআই নাসির অবশ্য আমিনুলকে আটকের কথা অস্বীকার করেছেন। হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।