মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গত বুধবার রাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, তিনি ডাকাত দলের সদস্য। তবে পরিবারের দাবি, তিনি একজন ব্যবসায়ী। আটকের পর তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
নিহত ওবায়দুর রহমান শিকদার (৩২) শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মেসবাউল শিকদারের ছেলে।
শালিখা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বলেন, ওবায়দুর রহমান আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে যশোর, মাগুরা ও শালিখা থানায় চারটি মামলা রয়েছে। গত বছর তিনি যশোর আটক হয়েছিলেন।
ওসি ফকরুল আলমের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা শালিখা উপজেলার রামকান্তপুর ব্রিজ এলাকায় মাগুরা-যশোর সড়কে গাছ কেটে ডাকাতির চেষ্টা করছে বলে খবর পায় পুলিশ। পরে রাত পৌনে দুইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ১৫-২০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নাম-পরিচয় পাওয়া যায়।
ওবায়দুরের বাবা মেসবাউল শিকদার বলেন, বুধবার সীমাখালী বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। যোগাযোগ করলে পুলিশ আটকের কথা অস্বীকার করে।