মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত
মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় গতকাল শনিবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের নেতা। সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করার সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়ের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে মাগুরা-যশোর সড়কের টহল পুলিশ দূর থেকে লক্ষ্য করে সড়কের পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করছে একদল ডাকাত। পুলিশের গাড়ি ঘটনাস্থলের কাছে গেলে ডাকাতেরা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে টিকতে না পেরে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রফিকুল ইসলাম সরদার ওরফে মোয়াজ্জেম হোসেন ওরফে নজরুল ইসলাম (৪০) নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রফিকুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেওলা পশ্চিমপাড়ার আলী হোসেন সরদারের ছেলে।
রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অরুণ কান্তি ঘোষ জানান, রাত তিনটার দিকে বুকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রফিকুল আন্তজেলা ডাকাত দলের নেতা। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে ২৯টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় করাত, পাঁচটি ককটেল, একটি দা, একটি চাপাতি, একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে চারজন পুলিশ সদস্য আহত হন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদার বরাত দিয়ে নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, রফিকুলের বিরুদ্ধে যশোর, মনিরামপুর, কেশবপুর ও মাগুরার বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগে থানায় ১০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রফিকুলের ছোট ভাই হাবিবুর রহমান সরদার জানান, রফিকুল ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। আট থেকে দশ বছর আগে এলাকার মানুষ তাঁকে গ্রাম থেকে বের করে দেয়। তখন থেকে তিনি এলাকায় থাকেন না। রফিকুল জানান, তাঁর বাবা আলী হোসেন সরদার লাশ আনার জন্য মাগুরা হাসপাতালে যাওয়ার কথা।