মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলফু বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আলফু বিশ্বাস ডাকাত দলের নেতা ছিলেন। ‘আলফু বাহিনী’ নামে তাঁর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। ওই বাহিনী মাগুরা ও ঝিনাইদহের সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।
আলফু মাগুরা সদর উপজেলার পাকাখর্দ্দ গ্রামের লোকমান বিশ্বাসের ছেলে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, আলফুকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।
মাগুরা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায়ের ভাষ্যমতে, রোববার রাতে রাউতাড়া হৃদয়নাথ স্কুল ও কলেজের কাছে বটতলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। আলফু বিশ্বাসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
তবে আলফুর ছোট ভাই মেসবাহ বিশ্বাস প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রোববার বেলা ১১টার দিকে সাদাপোশাকের একদল পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে আলফুকে ঘুম থেকে ডেকে তোলার পর একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে খবর আসে পুলিশ তাঁকে ‘ক্রসফায়ারে’ দিয়েছে।
তবে মেসবাহর অভিযোগ নাকচ করে দিয়ে এএসপি সুদর্শন রায় জানান, আলফুর বিরুদ্ধে সদর থানায় দুটি ডাকাতি, একটি খুন ও একটি অস্ত্র আইনে মোট চারটি মামলা রয়েছে।