মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে গত শুক্রবার ফেনীতে মাছের ট্রাকে ছোড়া পেট্রলবোমায় দগ্ধ এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যাওয়া ওই ব্যক্তি হলেন ট্রাকচালক ইউসুফ আলী খান।
এদিকে গত রাতে আবারও ট্রাকে পেট্রলবোমা ছোড়া হয়েছে। মাগুরা সদর উপজেলায় ট্রাকে ছোড়া ওই পেট্রলবোমায় চালকসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া গত শুক্রবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিকতলা গ্রামের জঙ্গল থেকে ১৩টি পেট্রলবোমা ও ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
টানা অবরোধের ৭৫তম দিন ছিল গতকাল। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুই দিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ গতকাল পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২৪ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭৩১টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬০টি।
ট্রাকচালকের মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল জানান, চিকিৎসাধীন ইউসুফ আলী (৬২) রাত পৌনে ১০টার দিকে মারা যান। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
গত শুক্রবার ভোরে ফেনীর দাগনভূঞায় মাছবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক ইউসুফ ও সহকারীসহ পাঁচজন দগ্ধ হন।
ঢাকায় পুলিশ কর্মকর্তা আহত: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ককটেল বিস্ফোরণে পুলিশের মতিঝিল ট্রাফিক জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম (৩৮) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে বলে জানান তাঁকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল মেহেদী হাসান।
ওই ঘটনার একটু পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হন নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নজরুল টিএসসি এলাকায় শসা বিক্রি করেন।
ট্রাকে পেট্রলবোমা: মাগুরা সদর উপজেলায় মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা চালক ও বালুশ্রমিকসহ নয়জন দগ্ধ হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় দগ্ধ ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ট্রাকটি মাগুরা সদর থেকে বালু নিয়ে শালিখা উপজেলার ভাটইখালী এলাকায় গিয়েছিল। সেখানে বালু নামিয়ে ফেরার সময় মঘিরঢাল এলাকায় পেট্রলবোমা হামলার শিকার হয়। দগ্ধ নয়জন হলেন নাজমুল হোসেন (২৫), ইলিয়াস আলী (৩৫), মো. মতিন (২৫), মো. আকমল (৪০), ইমরান হোসেন (৫০), মো. ফারুক (৪২), মো. শাকিল (৩০), আরব আলী (২৫) ও মো. ইয়াদুল (৪০)।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক চিত্তরঞ্জন বিশ্বাস জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কারও কারও শরীর অর্ধেকেরও বেশি পুড়ে গেছে। সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।
ভূমি কার্যালয়ে আগুন: উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভূমি কার্যালয়ে শুক্রবার রাত ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এতে কাগজপত্র, আসবাবসহ কার্যালয়ের চালা পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম আলম জানান, নৈশপ্রহরী কার্যালয়ের সামনের দিকে দায়িত্ব পালন করছিলেন। কার্যালয়ের পেছন দিক থেকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন কার্যালয়ের তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউএনও জানান, আগুনে কাগজপত্র, আসবাব, একটি ফটোকপি মেশিন ও তিনটি কম্পিউটার পুড়ে গেছে। তবে মূল নথিগুলো স্টিলের আলমারিতে থাকায় ও সেখানে আগুন না পৌঁছায় কোনো ক্ষতি হয়নি।
নৈশপ্রহরী গোলজার হোসেন জানান, কার্যালয়ের পেছন দিক থেকে চালের ওপর আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, এটি নাশকতামূলক ঘটনা। মামলা হয়েছে। সন্দেহভাজন হিসেবে ঝিকিরা মহল্লার তুহিন মিয়া, রুবেল হোসেন, রিন্টু মিয়া ও মনিহার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিয়ানাতুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও সহকারী পুলিশ সুপার জমির উদ্দীন গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই আগুনের ঘটনায় ভূমি কার্যালয়ের পাশে অবস্থিত একটি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পেট্রলবোমা উদ্ধার: দাউদকান্দি উপজেলার ভিকতলা গ্রামে ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি পেট্রলবোমা ও ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}