মাগুরায় প্রতিমা ভাঙচুরের সময় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালী মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের সময় ইয়াসিন শেখ নামের এক ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে কোনো এক ফাঁকে ওই ব্যক্তি কালী মন্দিরে ঢোকেন। তিনি কালী প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেন। বিকেল সাড়ে চারটার দিকে মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এক নারী সেখানে যান। তিনি ওই ব্যক্তিকে প্রতিমা ভাঙচুর করতে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ওই ব্যক্তিকে আটক করে। পরে পুলিশে দেয়।

সন্ধ্যায় সোয়া সাতটায় মুঠোফোনে জানতে চাইলেজ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তি নিজেকে খুলনার রূপসা উপজেলার ইউসুফ শেখের ছেলে ইয়াসিন শেখ বলে দাবি করছেন। তাঁকে সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি এলোমেলো কথাবার্তা বলছেন। নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে উপস্থাপনের চেষ্টা করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাঙচুরের এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।