মাগুরায় প্রথম আলোর কপিতে ছাত্রলীগের একাংশের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) সাইফুজ্জামান শিখর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর মাগুরায় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা পত্রিকাটির কিছু কপি পুড়িয়েছেন।

প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বিরুদ্ধে বের করা বিক্ষোভ মিছিল থেকে পত্রিকায় ওই অগ্নিসংযোগ করা হয়। এদিকে সকালেই প্রথম আলোর সব কপি বিক্রি হয়ে যায়। পরে এর ফটোকপি করে সংবাদটি পড়েন পাঠকেরা। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এই সংবাদের শিরোনাম ছিল ‘মাগুরায় খুনোখুনির পেছনে শিখর-বীরেনের দ্বন্দ্ব’। প্রতিবেদনে সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গতকাল বিকেলে বীরেন শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল থেকে বীরেন শিকদারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা শহরের তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতা-কর্মীরা প্রথম আলোর কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করেন। এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ঈদুল শেখ, যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামছুর রহমান।

বক্তারা মাগুরা-২ আসনের সাংসদ প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে ‘অপরাজনীতি’ বন্ধ করা ও শিখরের বিরুদ্ধে দেওয়া তাঁর বক্তব্যকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান। সংবাদটি প্রকাশ করায় নেতা-কর্মীরা প্রথম আলোর বিরুদ্ধেও বিষোদ্‌গার করেন।

ঈদুল শেখ বিক্ষোভ মিছিল বের করা ও অগ্নিসংযোগের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রতিবেদনটিতে মাগুরা জেলা আওয়ামী লীগের রাজনীতিতে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিখর গ্রুপ ও বীরেন শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে উল্লেখ করা হয়।

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ের কারিগরপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া ও ছাত্রলীগের কর্মী আজিবর শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষকালে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন ও তাঁর গর্ভের শিশুও গুলিবিদ্ধ হয়।