মাগুরায় বঙ্গবন্ধুর ছবির সঙ্গে আসামির পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরে পলাতক আসামি আজিবরের পোস্টার l প্রথম আলো
মাগুরা শহরে পলাতক আসামি আজিবরের পোস্টার l প্রথম আলো

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার ২ নম্বর আসামির পক্ষে শহরে পোস্টার লাগানো হয়েছে। এতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সজীব ওয়াজেদ জয়েরও ছবি রয়েছে।
মাগুরা পৌর ছাত্রলীগের সাবেক নেতা আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখের এ পোস্টারের এক অংশে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখরের হাস্যোজ্জ্বল ছবিও শোভা পাচ্ছে। বড় করে আজিবরের ছবিসংবলিত পোস্টারটি মানুষের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে।
এদিকে স্থানীয় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের একটি পক্ষ পোস্টার লাগানোর পর অন্য পক্ষ তা খুঁজে খুঁজে তুলে বা ছিঁড়ে ফেলছে। পোস্টারে ছাত্রলীগের সাম্প্রতিক ওই সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে কিছু তথ্যও দেওয়া হয়েছে।
জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘আজিবরের পক্ষে শহরে পোস্টার লাগানোর কথা শুনেছি। তবে আমি দেখিনি।’
ওদিকে মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার থেকে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে মো. সোবহান ও মো. সুমন নামের দুই আসামিকে এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় গৃহবধূ নাজমা খাতুন (৩৫) গুলিবিদ্ধ হন। সে সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গুলি তাঁর গর্ভের শিশুকেও এফোঁড়-ওফোঁড় করে দেয়। পরে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচার করে নাজমা গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সংঘর্ষ চলাকালে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। মমিন ভূঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
সংঘর্ষের ওই ঘটনায় গত ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত নয় আসামিকে গ্রেপ্তার করলেও অন্যতম আসামি আজিবর শেখ ও মুহম্মদ আলীসহ বাকিদের গ্রেপ্তার করতে পারেনি।