মাগুরায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে গতকাল ভোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে আসবাব ভাঙচুরের পর আগুন দেওয়া হয় l ছবি: প্রথম আলো
মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে গতকাল ভোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে আসবাব ভাঙচুরের পর আগুন দেওয়া হয় l ছবি: প্রথম আলো

মাগুরায় পেট্রলবোমায় ট্রাকচালকসহ নয় শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের আটকের অভিযানের নামে পুলিশ অন্তত ছয়টি বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে এই অভিযান চালানো হয়। মোট আটক করা হয়েছে সাতজনকে।
মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালকসহ নয় শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন। অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।
ওই ঘটনার পর হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে কোথাও কোথাও যৌথ বাহিনী অংশ নেয়।
ভাঙচুরের শিকার পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে মাগুরা জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় পুলিশ। ভেতর থেকে দরজা খুলে না দেওয়ায় পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে টেলিভিশন, ডাইনিং টেবিল, শোকেস, গ্লাস-প্লেট, আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।
মনোয়ার হোসেনের মা মনোয়ারা বেগম (৭৫) অভিযোগ করেন, প্রায় পৌনে এক ঘণ্টা ধরে পুলিশ তাণ্ডব চালায়। এ সময় তিনি, তাঁর এক নাতি ও একজন কাজের লোক ছাড়া বাড়িতে কেউ ছিল না।
ভোররাত চারটার দিকে মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আলী আহমেদের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শামসুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘ডাকাডাকি করলে দরজা খুলে দেখি পুলিশ। আমার স্বামী কোথায় জিজ্ঞাসা করে। সে বাড়ি নাই জানাতেই আমাকে বাইরে আসতে বলে। বাইরে এলে আমাকে একটু পাশে নিয়ে যায়। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা আমাকে রেখে দ্রুত চলে যায়। আমি দেখি আমার ঘরে দুটি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে।’
প্রতিবেশী জরিনা বেগম (৪৫) ও আমির মুন্সী (৫২) প্রথম আলোকে বলেন, ‘আমরা এসে আগুন নেভাতে নেভাতে অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়।’
শনিবার দিবাগত রাত দুইটার দিকে মঘিরঢালের পাশে বড় ছোনপুর গ্রামের মধ্যপাড়ায় যায় পুলিশ। ওই গ্রামের এনজিও পরিচালিত একটি স্কুলের শিক্ষক মশিয়ার রহমান (৩২) ও দলিল লেখক আহাদ বিশ্বাসকে (৩০) আটক করা হয়। এলাকায় তাঁরা বিএনপির কর্মী হিসেবে পরিচিত। ফিরে যাওয়ার সময় পুলিশ ওই গ্রামের আরেক সন্দেহভাজন ব্যক্তি বিএনপির কর্মী মাহবুব মোল্লার (২৫) একটি ঘরে আগুন দেয় বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই বাড়ি পুড়ে যায়।
মশিয়ারের মা ফুল বিবি (৭৫) জানান, রাত দুইটার দিকে পুলিশ মশিয়ারকে আটক করে। তাঁর দাবি, মশিয়ারের বিরুদ্ধে কোনো মামলা নেই।
আহাদের বোন মর্জিনা খাতুন (২৫) অভিযোগ করেন, বিএনপি করে বলেই তাঁর ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে।
মাগুরা শহরের নতুনবাজার উপজেলা ভূমি অফিসের পাশে সোনা মিয়ার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। সোনা মিয়ার মেয়ে শাহানা আক্তার অভিযোগ করেন, রাত আনুমানিক দুইটার দিকে যৌথ বাহিনী বাড়ির সীমানাপ্রাচীরের তালা ভেঙে ভেতরে ঢোকে। কিছু বলার সুযোগ না দিয়ে তাঁরা আমার ভাই বেলাল হোসেন (৪৫) ও বাদশা আলমকে (৩০) আটক করে নিয়ে যায়। এর ঘণ্টা দুয়েক পর পুলিশ আবার এসে ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্রসহ ঘরের ভেতর ও বাইরে ভাঙচুর করে।
জেলা জামায়াতের শুরা সদস্য মো. বাকের মুঠোফোনে অভিযোগ করেন, একই রাতে জেলা জামায়াতের সাবেক আমির আবদুল মতিনের দরি মাগুরার বাড়িতে ভাঙচুর করে পুলিশ। এ ছাড়া সদর উপজেলার মঘি গ্রামে এরশাদ নামে এক শিবিরের কর্মীর বাড়িতেও ভাঙচুর করেছে।
মাগুরা জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি হামলার নিন্দা জানাই। কেউ দোষী হয়ে থাকলে তাঁকে আটক করে বিচারের মুখোমুখি করতে পারে পুলিশ। কিন্তু কেন এই বর্বরতা?’ তিনি বলেন, ‘পেট্রলবোমা ছোড়ার মতো নৃশংসতা বিএনপির কোনো নেতা-কর্মী করতে পারে বলে আমি মনে করি না।’
বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুনের বিষয়ে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কেন ওই কাজ করবে? নিজেরা আগুন ধরিয়ে বা ভাঙচুর করে তাঁরা পুলিশের ওপর দোষ চাপাতে পারেন।’ গত রাত আটটার দিকে তিনি বলেন, পেট্রলবোমা ছোড়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে অন্য তিনজনের নাম জানাতে চাননি তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে বলেন, ‘ভাঙচুর ও আগুনের অভিযোগ সঠিক নয়। পুলিশ কি কারও বাড়ি ভাঙচুর করতে বা আগুন লাগাতে পারে?’