মাগুরায় বিক্ষোভ, ভাঙচুর, বাড়িতে আগুন, হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌর ছাত্রলীগের সাবেক নেতা রাজন খানকে হত্যার ঘটনায় গতকাল বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। পরে তারা খুনিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে ঢুকে রাজন খানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাজনের লাশ খানপাড়ার বাড়িতে নেওয়া হয়। লাশ নিয়ে যাওয়ার সময় রাজনের সমর্থকেরা হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে অভিযুক্ত করে জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাগুরা বাস মালিক গ্রুপের সভাপতি আবু সাঈদ মীরের শহরের ঋষিপাড়ার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর-লুটপাট চালানো হয়। একপর্যায়ে বাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। পরে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা খানপাড়ার সামনে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। তাঁরা ওই ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেন। এ সময় আতঙ্কে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরে খুনিদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয় ছাত্রলীগ। ওই হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মাগুরায় অর্ধদিবস হরতালও আহ্বান করে ছাত্রলীগ।
জানতে চাইলে আবু সাঈদ মীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একটা ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এতে উচ্চপর্যায়ের কারও ইন্ধন আছে। আমি অনেক বছর মীরপাড়ায় থাকি না। মীরপাড়ার কেউ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সে জন্য তো আমি দায়ী নয়। অথচ পুলিশের সামনে আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জিনিসপত্র, ৮০ ভরি সোনা, সাড়ে আট লাখ টাকা ডাকাতি করা হয়েছে। আমি এর বিচার চাই।’
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (আজ) অর্ধদিবস হরতাল ডেকেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘রাজন হত্যার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। তবে জামায়াত হরতাল ডাকায় আমরা হরতাল প্রত্যাহারের কথা ভাবছি।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, হত্যার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।