মাগুরায় ভুয়া চিকিৎসক ঠেকানোর তৎপরতা জোরদার
মাগুরায় কিছুদিন আগে সেই ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক ধরা পড়ার পর নড়েচড়ে বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ। ভুয়া চিকিৎসকদের ধরতে তৎপরতা শুরু করেছে তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পরিচয়ে মুহাম্মদ খোরশেদ আলম নামের এক ব্যক্তি মাগুরা সদর হাসপাতালের পাশে গ্রামীণ ল্যাব মেডিকেল সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। ঢাকা থেকে প্রতি বুধবার তিনি মাগুরায় আসতেন। নিউরো মেডিসিন এবং মেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ পরিচয় দেওয়া ওই ভুয়া চিকিৎসককে ১৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেন।
মূলত এরপরই মাগুরা স্বাস্থ্য বিভাগের টনক নড়ে। তাঁরা এ ব্যাপারে তৎপর হয়ে ওঠেন।
মাগুরা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল কর্মকর্তা বি এম রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে মাগুরার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।
এ ছাড়া ২৬ এপ্রিল সিভিল সার্জনের দপ্তর থেকে মাগুরা জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দেওয়া সব চিকিৎসক ও প্রতিষ্ঠানের মালিককে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছে, যেসব চিকিৎসক চিকিৎসাসেবা দেন, তাঁদের ব্যবস্থাপত্রে বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে চিকিৎসকেরা রোগী দেখেন, সেসব প্রতিষ্ঠানের মালিকদের চিকিৎসকের সম্মতিপত্র, এমবিবিএস সনদের সত্যায়িত ফটোকপি, বিএমডিসি রেজিস্ট্রেশনের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং চিকিৎসকের পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে সত্যতা যাচাইয়ের জন্য ওই সব কাগজপত্র সিভিল সার্জনের দপ্তরে পাঠাতে হবে।
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, এরপরও যদি চিকিৎসকের ভুয়া পরিচয়, বিএমডিসির রেজিস্ট্রেশন-বহির্ভূত ডিগ্রি ব্যবহার ও মিথ্যা পদবি ব্যবহার করেন, তাহলে সেই দায়ভার ওই চিকিৎসক ও যে প্রতিষ্ঠানে তিনি রোগী দেখবেন, সেই প্রতিষ্ঠানকে নিতে হবে।
এই নির্দেশনার চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক, মাগুরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাগুরা বিএমএর সভাপতি ও সম্পাদক, চার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল কর্মকর্তা, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।
মাগুরার সিভিল সার্জন মুন্সী মো. ছাদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ভুয়া চিকিৎসক ধরা পড়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এটা ভয়ংকর অপরাধ। আমরা ওই ঘটনার পর ভুয়া চিকিৎসককে কীভাবে প্রতিরোধ বা আটকানো যায়, তার পথ খুঁজছি। এ জন্য প্রথম পদক্ষেপ হিসেবে আমি ওই চিঠি দিয়েছি। বিষয়টির প্রতি কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
যোগাযোগ করা হলে মাগুরা ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠিক সম্পাদক মেহেদী হাসান গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘সিভিল সার্জনের ওই চিঠি পাওয়ার পর আমরা যেসব চিকিৎসক চিকিৎসা দেন, তাঁদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলেছি। আইন হলো, এমবিবিএস পাস করলেও যদি কোনো চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন না থাকে, তাহলে তিনি কোথাও প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। তাই বিএমডিসির রেজিস্ট্রেশন বিশেষভাবে চাওয়া হয়েছে। আমরা ব্যবসা না করলেও কোনো ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা করাব না, এ ব্যাপারে অঙ্গিকারবদ্ধ।’