মাগুরায় মামলার বাদীকে হত্যাচেষ্টার অভিযোগ
মাগুরায় একটি হত্যা মামলার বাদীকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলার ওই বাদীর নাম মেরিনা বেগম (৪২)। বাড়ি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।
মেরিনা বেগমের ছেলে সুমন মিয়া বলেন, তাঁর মামা আরজ আলীর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে। আরজ আলীর স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির সম্পর্ক ছিল। ২০১৫ সালের ২৩ জুলাই রাতে রোজিনা ও তাঁর সহযোগীরা মিলে আরজকে হত্যা করেন। এই ঘটনায় শ্রীপুর থানায় করা হত্যা মামলায় বাদী হন তাঁর মা মেরিনা বেগম। পরদিন সকালেই পুলিশ রোজিনা বেগমকে গ্রেপ্তার করে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
মামলাটি তুলে নিতে মেরিনা বেগমকে চাপ দিয়ে আসছিলেন আসামিরা। তা না করায় ক্ষুব্ধ ছিলেন তাঁরা। গত মঙ্গলবার দুপুরে মেরিনা বেগম পারিবারিক কাজে মাগুরা শহরে যান। এ সময় ওই মামলার আসামিদের নিযুক্ত লোকজন তাঁকে অপহরণ করে নিয়ে যায়। রাত ১০টার দিকে সদর উপজেলার সত্যপুর গ্রামে নিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু মেরিনা অন্ধকারের ভেতর দৌড়ে একটি শ্যালো মেশিনের গর্তে ঢুকে লুকিয়ে থাকেন। একপর্যায়ে মেরিনার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে চলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মেরিনাকে প্রথমে মাগুরা শহরে আনা হয়। কিন্তু নিরাপত্তার স্বার্থে তাঁকে পার্শ্ববর্তী মধুখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় মেরিনাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।