মাগুরায় লাঞ্ছিত স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বখাটে যুবকের কাছে লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক স্কুলছাত্রী। গতকাল শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেন তাকে দেখতে হাসপাতালে যান।
ওই ছাত্রীর মা জানান, ঘটনার সময় মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। বেলা দুইটার দিকে পলাশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আকরাম মোল্লার বাড়ির সামনের সড়কে পৌঁছালে তুফান (২২), ছন্টু (২১) ও ওহিদুল (১৯) নামে স্থানীয় তিন যুবক তার পথরোধ করেন। এ সময় বখাটেরা মেয়েটিকে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে তার জামা ছিঁড়ে যায় এবং সে সামান্য আহত হয়।
পরে লোকজন আসতে দেখে তিন যুবক পালিয়ে যান। বাড়ি ফিরে সে অপমান সইতে না পেরে সবার অজান্তে কীটনাশক পান করে। পরে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্কুলছাত্রীর ভাই বলেন, জাহিদ মোল্লার ছেলে তুফান, মৃত ময়েন মোল্লার ছেলে ছন্টু ও কালু মোল্লার ছেলে ওহিদুলের বাড়ি পলাশবাড়িয়া গ্রামে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী আবু আহসান জানান, মেয়েটির অবস্থা এখন স্থিতিশীল। আরও কয়েক ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।
পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ জানান, লাঞ্ছনাকারী ওই তিন যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বিষয়টি শোনার পর তিনি প্রশাসনকে জানিয়েছেন।
ইউএনও বলেন, ‘আমি ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, ওই ঘটনায় এখনো মামলা হয়নি। তারপরও অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।