মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে আজ রোববার বিকেলে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটি স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ঘটনার সময় তার মা ও ভ্যানচালক বাবা বাড়িতে ছিলেন না। বাড়িতে শিশুটিকে একা পেয়ে বেলা আড়াইটার দিকে প্রতিবেশী সাবুর আলী (২৩), মহিদুল ইসলাম (২১) ও মিজানুর রহমান (৩৫) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটির মা বাড়ি ফিরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা প্রথম আলোকে বলেন, ‘শিশুটি অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটির মা সাবুর নামে এক ধর্ষককে পালিয়ে যেতে দেখেছেন বলে আমাদের জানিয়েছেন। তবে শিশুটির অল্প সময়ের জন্য চেতনা ফিরলে সে জানিয়েছে, তাকে তিনজন মিলে পাশবিক নির্যাতন করেছে।’

এ ঘটনায় রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। যোগাযোগ করা হলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের এখনো আটক করা সম্ভব হয়নি।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্স মো. খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে ভর্তি করা শিশুটিকে গাইনি ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ছিলেন কৃষ্ণপদ বিশ্বাস। তবে কৃষ্ণপদ বিশ্বাস এবং হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ শামসুন্নাহার লাইজুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।