মাগুরায় শিশুর লাশ উদ্ধার
মাগুরা সদরের সিরিজদিয়া গ্রামে বেগুনের একটি খেত থেকে অনামিকা বিশ্বাস (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন প্রথম আলোকে বলেন, অনামিকা ওই গ্রামের মৎস্যজীবী সাধন বিশ্বাসের মেয়ে। শিশুটি শনিবার বেলা দুইটার দিকে মাঠ থেকে শাক তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। রাত আটটার দিকে গ্রামের বেগুনের একটি খেতে শিশুটির লাশ পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় গলার কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইমামুল হক (১৮) নামে স্থানীয় এক তরুণকে আটক করা হয়েছে। শিশুটির বাবা সাধন বিশ্বাস বাদী হয়ে আজ রোববার মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে মামলায় কাউকে আসামি হিসেবে উল্লেখ করেননি তিনি।
শিশুটির বাবা সাধন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। বুঝতে পারছি না কেন, কী কারণে কারা আমার মেয়েটিকে হত্যা করল।’