মাগুরায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা (২৪) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ের কাছে একদল সশস্ত্র ছাত্রলীগ কর্মী তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে। হামলায় মুক্তার মাথা ফেটে যায়।
এ ঘটনার পর মুক্তার পক্ষে সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা শহরে মহড়া দেওয়ার সময় ছবি তুলতে গেলে এক সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
থানা-পুলিশ, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে চায়ের দোকানে হেমায়েত ও খলিদ নামে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে মারামারি হয়। হেমায়েতের বাড়ি শহরের মোল্লাপাড়ায় এবং খালিদের বাড়ি নিজনান্দুয়ালীতে। ওই ঘটনার জের ধরে হেমায়েতের পক্ষে শহরের মোল্লাপাড়ার ছাত্রলীগের একদল সশস্ত্র কর্মী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তার ওপর হামলা করে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ হামলার সময় হামলাকারীরা পিটিয়ে মুক্তার মাথা ফাটিয়ে দেয়। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মুক্তার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে মুক্তার-সমর্থক নিজনান্দুয়ালী এলাকার ছাত্রলীগের একদল কর্মী শহরে সশস্ত্র মহড়া দেয়। বেলা দুইটার দিকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে ছাত্রলীগের কর্মীদের ওই সশস্ত্র মহড়ার ছবি তোলার সময় তারা পুলিশের সামনে চ্যানেল নাইনের মাগুরা প্রতিনিধি হেলাল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ওই ঘটনায় হুমায়ুন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি।