মাগুরায় সেই সংঘর্ষে এক পক্ষের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়াকে (৩৫) ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামরুল শহরের দোয়ারপাড় কারিগরপাড়া এলাকায় গত বছরের ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের আলোচিত সংঘর্ষের সময় এক পক্ষের নেতৃত্বে ছিলেন। ওই সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান। ছাত্রলীগ নেতা কামরুল সম্পর্কে গুলিবিদ্ধ শিশুটির চাচা।

কামরুলকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক-তদন্ত) হোসেন আল মাহবুব প্রথম আলোকে বলেন, বিষয়টি একটু গোপনীয়। তাঁকে (কামরুলকে) শনিবার রাত পৌনে নয়টার দিকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তবে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

পুলিশ বলছে, মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা কামরুল ভূঁইয়া পলাতক ছিলেন। কিছুদিন আগে তিনি এলাকায় ফিরে আসেন।

মাগুরা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাতি প্রস্তুতির একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (গতকাল রোববার) ওই মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে শুনানি হয়নি।