মাগুরায় সোনার বার ও বিস্কুটসহ গ্রেপ্তার ১
মাগুরার শালিখায় আজ রোববার ভোরে দুটি সোনার বার ও আটটি বিস্কুটসহ মনিন্দ্রনাথ দত্ত (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জব্দ করা সোনার ওজন দুই কেজি ৩০০ গ্রাম।
মনিন্দ্রনাথের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার জেটুয়া গ্রামে। বাবার নাম নরেন্দ্রনাথ দত্ত।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খানের ভাষ্য, ভোর সাড়ে তিনটার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে একটি নৈশকোচে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মনিন্দ্রনাথ দত্ত নামে এক যাত্রীর শরীর তল্লাশি করে দুটি সোনার বার ও আটটি বিস্কুট জব্দ করে পুলিশ তাঁকে আটক করে। সংগ্রাম পরিবহনের কোচটি ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলো।
ফকরুল আলম খান আরও বলেন, মনিন্দ্রনাথ দত্ত ওই সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তা ছাড়া ওই সোনা তিনি পরনের প্যান্টের নিচে বিশেষ কায়দায় তৈরি করা পকেটে করে নিয়ে যাচ্ছিলেন। তিনি সোনা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করছে পুলিশ। ওই ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।