মাছ চাষ করতে নদীতে বাঁধ

ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালী এলাকায় মরা নদীতে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে বাঁধ নির্মাণের কাজ করছে একটি প্রভাবশালী পরিবার।
গত বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেন। তবে গতকাল রোববার পর্যন্ত বাঁধ দেওয়ার কাজ করেছেন শ্রমিকেরা।
সুকুমার দাস বলেন, ‘কুমারখালী এলাকায় নদীতে বাঁধ নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং বাঁধ নির্মাণে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। আপাতত বাঁধ নির্মাণের কাজ বন্ধ করতে বলা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হবে। কাজ বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উন্মুক্ত জলাশয় রক্ষা আইন উপেক্ষা করে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করছেন স্থানীয় অনুরাগ গ্রামের অলিউল ইসলাম। নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে সম্প্রতি স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সূত্র জানায়, বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। গত বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তাঁরা বাঁধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও কৃষকদের সঙ্গে কথা বলেন। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ শোনার পর তাঁরা বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কথা শোনেন। এ সময় নদীতে বাঁধ নির্মাণে জড়িত অলিউল ইসলাম চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের জানান, মরা (মৃত) নদীর জমি সরকারের কাছ থেকে তাঁরা বন্দোবস্ত নিয়েছেন। রোববার (গতকাল) বন্দোবস্তের কাগজপত্রসহ তাঁকে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বাঁধের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চার দশক আগে সুগন্ধা নদীর কুমারখালী এলাকায় চর জেগে ওঠে। চরের কারণে সুগন্ধা নদীর দক্ষিণ পাশ দিয়ে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে নদীটি সরু হয়ে যাওয়ায় স্থানীয় লোকজনের কাছে এটি মরা নদী নামে পরিচিত। তবে সুগন্ধা নদীর সঙ্গে মরা নদীর সংযোগ থাকায় জোয়ার-ভাটার পানি চলাচল করে। স্থানীয় কুমারখালী বাজার এলাকা থেকে ফরাসিনা গ্রাম পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দীর্ঘ মরা নদীতে মাছ শিকার করে কয়েক শ পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। পাশাপাশি কৃষিজমিতে সেচের জন্য কৃষকেরা নদীর পানি ব্যবহার করছেন। গত ১৬ এপ্রিল স্থানীয় প্রভাবশালী অলিউর রহমান চৌধুরী এবং তাঁর ছেলে আসিব চৌধুরী ও রাজিব চৌধুরী লোকজন নিয়ে নদীতে বাঁধ দেওয়া শুরু করেন। সুগন্ধা নদী থেকে মরা নদীতে জোয়ারের পানি প্রবেশের স্থানে এই বাঁধ দেওয়া হচ্ছে।
অলিউর রহমান চৌধুরী গত বৃহস্পতিবার বলেন, ‘মরা নদীর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছি। এখানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হবে। এতে স্থানীয় লোকজনের ক্ষতি হবে না।’
নরউত্তমপুর গ্রামের মৎস্যজীবী আবু শিকদার (৪৫) বলেন, প্রায় ৩০০ মৎস্যজীবী পরিবার মরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। নদীতে বাঁধ দেওয়া হলে সাত-আটটি খালে জোয়ারের পানি প্রবেশ করতে পারবে না। ফলে শুকনো মৌসুমে ওই এলাকার নরউত্তমপুর, অনুরাগ, কাণ্ডপাশা, জাগুয়া ও ফরাসিনা গ্রামে সেচসংকট দেখা দেবে। আবার বর্ষা মৌসুমে গ্রামের পানি খাল দিয়ে নদীতে নেমে যেতে পারবে না। তখন জলাবদ্ধতা দেখা দেবে।