মাছ চাষে টাকা আর সাদা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য খাতের আয়ের ওপর ৩ শতাংশ উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে মাছ চাষ করে যে আয় হবে, তার ওপর এ রেয়াতি সুবিধা পাওয়া যাবে না। ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কর দিতে হবে। আর প্রতিষ্ঠান হলে করপোরেট করহার প্রযোজ্য হবে।

গতকাল সোমবার মাছ চাষের আয়ের ওপর উৎসে কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত করহার কম হওয়ার সুবিধা নিয়ে অপ্রদর্শিত বা কালোটাকা সাদার সুযোগে পরিণত হয়েছিল এ খাত। এ সুযোগ নিয়েছেন অনেক রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি। সমালোচনার মুখে এ সুযোগ বন্ধ করে দিল এনবিআর। 

২০১০-১১ থেকে ২০১২-১৩ করবর্ষ পর্যন্ত মৎস্য খাতের আয়ের ওপর রেয়াতি হারে মাত্র ৫ শতাংশ কর আরোপ ছিল। গত অর্থবছর থেকে এ করহার ৩ শতাংশে নামিয়ে দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, ‘মূলত এ খাত বিকাশের জন্য এ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক বছর ধরেই এ সুবিধার অপব্যবহার হচ্ছিল। তাই এ সুবিধা প্রত্যাহার করা হয়েছে।’

কর কম হওয়ায় এ খাত কালোটাকা বা অপ্রদর্শিত আয় প্রদর্শনের বড় খাত হয়ে গিয়েছিল। কর ফাঁকি বা কর এড়ানোর কৌশল হিসেবে মৎস্য খাতকেই বেছে নিয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। বার্ষিক আয়কর বিবরণীতে মৎস্য চাষ থেকে বাস্তবের চেয়ে অনেক বেশি আয় দেখিয়েছেন তাঁরা।

গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় দেখা গেছে, অর্ধশতাধিক মাছচাষি-রাজনীতিবিদ প্রার্থী হয়েছেন। তাঁরা তাঁদের হলফনামায় অস্বাভাবিক পরিমাণ আয় দেখিয়েছেন মৎস্য খাত থেকে। এ তালিকায় সাবেক মন্ত্রী, সাংসদ, ক্ষমতাসীন দলের আলোচিত নেতারাও ছিলেন। এর মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আফছারুল আমীন, আবদুল মান্নান খান, সাবেক সাংসদ মোশারফ হোসেন, নবম জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম প্রমুখ। বেশির ভাগ রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি সর্বজনীন স্বনির্ধারিত পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দেওয়ায় তাঁদের নথি নিরীক্ষায় আনা হয়নি। 

খাল-বিল ও পুকুরের পানির নিচে মাছ থাকায় সরেজমিনে গিয়ে এনবিআরের কর্মকর্তাদের পক্ষে ওই খামারির আয়-ব্যয় প্রাক্কলন করা সম্ভব নয়। কী পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, তা-ও জানা সম্ভব হয় না। এ সুযোগই নেন মাছচাষি রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। নিজেদের যে পরিমাণ সম্পদের উৎস বৈধ নয়, আয়কর বিবরণীতে সেই টাকা মৎস্য আয় হিসেবে দেখিয়ে দেন তাঁরা।