মাছ তাজা দেখাতে রঙিন বাতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছের ঝুড়ির ওপর ঝোলানো রঙিন বৈদ্যুতিক বাতি। উদ্দেশ্য, মাছ লালচে দেখাবে। ক্রেতার কাছে মনে হবে তাজা মাছ। ক্রেতা ঠকানোর অভিনব এই ‘কৌশল’ ব্যবহার করার দায়ে চট্টগ্রাম নগরের দুটি মাছবাজার থেকে ৭০টি রঙিন বাতি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রিয়াজ উদ্দিন বাজার ও ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স বাজার থেকে এসব বাতি জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এতে নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন ও পুলিশ উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন জানান, সামুদ্রিক লইট্ট্যা, পোপাসহ বিভিন্ন মাছকে লালচে তাজা দেখানোর জন্য বিক্রেতারা লাল রঙের বাতি ব্যবহার করছিল। রিয়াজ উদ্দিন বাজার থেকে ৫০টি ও ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স থেকে ২০টি বাতি জব্দ করা হয়।