মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নেত্রকোনার মদন উপজেলায় মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কৃষকের নাম মো. ফেরদৌস মিয়া (৫৫)। তিনি কদমশ্রী মণিকা গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কদমশ্রী মণিকা বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার একটি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস মিয়া গতকাল রাত ৯টার দিকে বাড়ির পেছনের বিলে টর্চের আলোয় কুচ দিয়ে (লোহার শিক দিয়ে তৈরি যন্ত্র) মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী বকুল মিয়ার লোকজন তাঁকে বাধা দেন। মাছ ধরার খেতগুলো বকুল মিয়া জোর করে নিয়ন্ত্রণ করেন। তবে ওই খেতের বেশ কিছু অংশ কৃষক ফেরদৌস মিয়ার। তাই নিষেধ না মেনে ফেরদৌস মাছ ধরতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ফেরদৌস মিয়া ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় তরিকুল ইসলাম, রুনা আক্তার ও আবদুল আওয়ালা নামের ফেরদৌসের তিনজন আত্মীয় আহত হন। আহত ব্যক্তিরা বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিন রাতেই বাচ্চু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে নিহত ফেরদৌসের ছোট ভাই সাদেক মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাচ্চুকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।