মাছ ধরতে নদীতে বাঁশের বেড়া, নৌ-চলাচল বন্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা, ব্রহ্মপুত্র ও মেনিখালী নদীতে বাঁশের বেড়া দিয়ে এবং গাছের ডালপালা ফেলে অবৈধভাবে মা ও পোনা মাছ ধরা হচ্ছে। আড়াআড়িভাবে বেড়া দেওয়ায় ১০ দিন ধরে ব্রহ্মপুত্রের সোনারগাঁ অংশে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ অবস্থায় নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে না আনলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌযানের মালিকেরা।
এলাকার লোকজন জানান, দুই মাস ধরে উপজেলার মেঘনা, ব্রহ্মপুত্র ও মেনিখালী নদী দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাঁধ দিয়ে ও গাছের ডালপালা ফেলে (ঝোপ) মাছ ধরছেন। কারেন্ট জাল ও পোনা মাছ ধরার জন্য বিশেষভাবে তৈরি এসব জাল দিয়ে নদী দখলের কারণে মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। নদীতে এসব বেড়া ও ঝোপ থাকায় নৌযান চলাচল করতে পারছে না।
১৪ নভেম্বর বিভিন্ন এলাকা ঘুরে, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শম্ভুপুরা থেকে হরিহরদী বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ১৬ কিলোমিটার এলাকা দখল করে বাঁধ ও জাল দিয়ে আটকে রেখে নৌযান চলাচল প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। বহ্মপুত্রের ওই ১৬ কিলোমিটারে ২১টি বেড়া ও ২৫৬টি ঝোপ রয়েছে।
মেঘনার শাখা মেনিখালী নদীর পাঁচানীঘাট থেকে আষাঢ়িয়ারচর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় ১৪টি জায়গায় বাঁশ ও জালের বেড়া দিয়ে আড়াআড়ি নদী একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মেঘনা নদীর নুনেরটেক ও আনন্দ বাজার এলাকায় নদীর অর্ধেক অংশজুড়ে গাছের ডালপালা ফেলে চারদিকে জাল দিয়ে গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর এ মৌসুমে একশ্রেণির প্রভাবশালী সিন্ডিকেট করে নদীর গতিপথ বন্ধ করে মাছ ধরেন। উন্মুক্ত জলাশয় ও নদীর গতিপথ বন্ধ করে এভাবে মাছ ধরা মৎস্য আইনে নিষিদ্ধ হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নোয়াগাঁও গ্রামের আমজাদ হোসেন ও নোয়াব আলী জানান, মৎস্য কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেই তাঁরা নদীতে বেড়া দিয়েছেন। নদীতে মাছ ধরার জন্য বেড়া দেওয়ার পর কেউ তাঁদের নিষেধ করেননি বলেও জানান তাঁরা।
অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক বলেন, ‘এভাবে নদীতে বেড়া দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের অন্যায় কাজ করা হচ্ছে।’
আনন্দ বাজার এলাকার জেলে নাসির মিয়া বলেন, ‘প্রতিবছর আমরা বর্ষাকালে গাছের ডাল ফেলে ঝোপ দিই। ডিসেম্বর মাসে এসব ঝোপে আটকে থাকা মাছ ধরি।’ এ সময় মা-মাছসহ বিভিন্ন পোনা মাছ ধরা হয় বলেও জানান তিনি।
এদিকে অলিপুরা বাজারের ব্যবসায়ী আলম খান বলেন, ‘নদীপথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা এক সপ্তাহ ধরে নৌপথে কোনো মালামাল নারায়ণগঞ্জ থেকে আনতে পারছি না। এ ছাড়া গ্রামবাসী নৌপথে ইট, বালুসহ নির্মাণসামগ্রী আনা-নেওয়া করতে পারছে না।’
সোনারগাঁ উপজেলা নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজগর হোসেন ভূঁইয়া ১৪ নভেম্বর প্রথম আলোকে জানান, ১০ দিনের মধ্যে প্রশাসন নৌ চলাচলের ব্যবস্থা না করলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব ঝোপ ও বেড়া ভেঙে নদীগুলোকে নৌ চলাচলের জন্য স্বাভাবিক করা হবে।