মাছ ধরতে বাধা চরমপন্থীদের আতঙ্কে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত কাওয়ালজানি এলাকায় দুটি বিলে মাছ ধরতে স্থানীয় লোকজনকে বাধা দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সর্বহারা লাল পতাকা গ্রুপ। রাতে বিভিন্ন বাড়িতে হানা দিয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়া এবং মারধরের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে আছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, ১০ একরের বেশি জায়গার ওপর রয়েছে দুটি বিল। বর্ষায় পদ্মা নদীর পানিতে ভেসে যায় বিল দুটি। তখন অনেক মাছ আসে সেখানে। নভেম্বর-ডিসেম্বর নাগাদ যখন পানি কমে যায়, তখন বিল থেকে মাছ ধরা হয়। কিন্তু এবার চরমপন্থী সর্বহারা লাল পতাকা গ্রুপের লোকজন বিলের মাছের অর্ধেক ভাগ চেয়েছে। স্থানীয় লোকজন তা দিতে অস্বীকার করায় প্রথমে হুমকি-ধমকি ও পরে তুলে নিয়ে মারধর করা হয়েছে।
৮ ডিসেম্বর রাতে প্রায় ৫০ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে গ্রামের ১৮ জনকে তুলে নিয়ে যায়। প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরে পদ্মার পারের এক ভিটায় নিয়ে গ্রামের লোকদের বেদম মারধর করা হয়। মাছ ধরতে পারবে না শর্তে পরদিন তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ছোট বিল থেকে মাছ ধরা হয়েছে। পাশের বড় বিলের মাছ এখনো ধরা হয়নি। সেখানে দুটি বাঁশের লাঠির মাথায় লাল নিশান লাগানো রয়েছে। বিলের পাশে ঘাস কাটতে থাকা এক নারী (৪০) বলেন, ‘বিলে তাকালেই বোঝা যায় মাছ কিলবিল করছে। কিন্তু ভয়ে কেউ সেদিকে তাকায় না। মঙ্গলবার ভোরে ও আগের রাতে পার্টির (চরমপন্থী) লোকজন মাছ মেরেছে। দুই-তিন ভ্যানে মাছ নিয়েছে।’ একটু দূরে টমেটোখেত পরিচর্যাকালে এক কৃষক (৬০) বলেন, ‘বাপু, বাড়ির পাশে এত বড় বিল। কত্ত মাছ দেহি। ডরে কেউ কাছে আহি না। পার্টির লোকজন আইসা নিশানা গাইড়া গেছে। কেউ মাছ ধরে কী জীবন হারাইবো?’
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা শুভ বলেন, বিলের জায়গাটি কাওয়ালজানি গ্রামের পাশে জলিল মুন্সি ও হাসেম মোল্লার ব্যক্তিমালিকানাধীন। সেখানে সম্প্রতি মাছ ধরতে বাধা দেওয়ার কথা শোনা গেছে। কিন্তু কেউ থানায় অভিযোগ করেনি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, বিলে মাছ মারা নিয়ে জটিলতার সংবাদ শুনে কয়েকবার পুলিশে পাঠানো হয়েছে। কেউ মুখ না খোলায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাইছেন না। দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ‘ভাই, এ নিয়ে মুখ খুললে আমার সমস্যা হবে। আপনারা সরেজমিন দেখেশুনে লেখেন। শুনেছি বিলে প্রচুর মাছ আটকা পড়েছে। পার্টির লোকজন এসে ঝামেলা করছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’