মাছ ধরা নিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা!
মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৪টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নোয়াপাড়া গ্রামের টুকু শেখের সঙ্গে তাঁর চাচা হারুন শেখের কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় টুকু শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হারুন শেখের ছেলে সাদ্দাম শেখকে (১৮) কুপিয়ে গুরুতর জখম করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কয়েকজনকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুফিয়া বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।