মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জলাশয়ের মাছ ধরা নিয়ে আজ রোববার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত ব্যক্তির নাম হেলাল মিয়া (৩৫)। তিনি সরাইলের নোয়াগাঁও গ্রামের আহাদ মিয়ার ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধরন্তি হাওর এলাকার মাছ ধরার একটি জলাশয় নোয়াগাঁও গ্রামের অলি মিয়ার (৫৫) কাছ থেকে এক বছরের জন্য ইজারা নেন একই গ্রামের অদু মিয়া (৫০)। ওই জলাশয়ের মাছ ধরা নিয়ে গত বৃহস্পতিবার সকালে অলি মিয়ার ছেলে জাবেদ মিয়ার (২৫) সঙ্গে অদু মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেলাল মিয়া, হারুন মিয়া (৪০), খোরশেদ আলী (৫৫), অলি মিয়া, বাবুল মিয়া (২৬) ও রাশেদুল ইসলামসহ (৪০) ১১ জন আহত হন। আহতদের মধ্যে হেলাল মিয়া ও খোরশেদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে হেলাল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। লাশ পরিবারের জিম্মায় রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’