মাছ ধরাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যা
মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজা তাঁর চাচাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে। নিহত ব্যক্তি হলেন বাড়িয়া এলাকার কুমোদ কুমার দাস (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িয়া এলাকায় একটি বিলে জাল দিয়ে গতকাল বিকেলে মাছ ধরতে যান কুমোদ কুমার দাস। একই সময়ে তাঁর বড় ভাই সত্য রঞ্জন দাস ও ভাতিজা লোকনাথ কুমার (১৯) ওই বিলে মাছ ধরতে যান। বড় ভাইয়ের ছেলে লোকনাথ চাচা কুমোদ কুমারের মাছ নিজের দাবি করে মাছ নিয়ে চলে যান। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভাতিজা লোকনাথ লাঠি দিয়ে চাচার মাথায় এলোপাতাড়ি আঘাত করে মাছ নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় কুমোদ কুমারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক রাজীব শেখ জানান, ওই ঘটনায় নিহত কুমোদের স্ত্রী অঞ্জনা রানী দাস বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।