মাছ ধরার কথা বলে স্কুলছাত্রকে অপহরণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রাম থেকে দুর্বৃত্তরা মো. আবদুল্লাহ (৬) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে। গত শুক্রবার দুপুরে স্থানীয় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরার কথা বলে ওই ছাত্রকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে।
এ ঘটনায় আবদুল্লাহর বাবা মো. আবদুল খালেক গতকাল শনিবার দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আবদুল্লাহ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে।
শিশুটির মা শিল্পী খাতুন জানান, এক ব্যক্তি নিজেকে মকবুল হোসেন (৫৫) পরিচয় দিয়ে কোষাঘাটা গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তিনি রাজশাহী এলাকার বাসিন্দা বলে পরিচয় দিতেন। তাঁর সঙ্গে ১২ ও ১০ বছরের দুটি ছেলে থাকত। ছেলে দুটি নিজেদের নাম রনি ও জয় বলে পরিচয় দিত। এক বছর ধরে লোকটি এই গ্রামে থেকে সবজির ব্যবসা করতেন। তাঁদের বাড়ির পাশে লোকটি বাসা ভাড়া নেওয়ায় ওই ছেলে দুটির সঙ্গে আবদুল্লাহর সখ্য গড়ে ওঠে।
শিল্পী আরও জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মকবুল হোসেন রনি, জয় ও আবদুল্লাহকে নিয়ে মাথাভাঙ্গা নদীতে মাছ শিকার করতে যান। সন্ধ্যায় বাড়ি না ফিরলে মকবুলের মুঠোফোনে কল দেওয়া হয়। এ সময় মকবুল জানান, তিনি আবদুল্লাহকে নিয়ে মেহেরপুরের মুজিবনগরে বেড়াতে গেছেন। তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। কিন্তু সন্ধ্যার তিন ঘণ্টা পরও বাড়ি না আসায় মুঠোফোনে আবারও যোগাযোগ করা হয়। এ সময় মকবুল জানান, আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় ফিরে পেতে হলে পাঁচ লাখ টাকা
মুক্তিপণ দিতে হবে। আর থানা-পুলিশকে জানালে ছেলেকে হত্যা করা হবে।