মাছ ধরার ট্রলার থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি মাছ ধরার ট্রলার থেকে দুই লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নৌবাহিনীর একটি দল।
গতকাল সোমবার ভোরে এক অভিযানে এসব বড়ি উদ্ধার করা হয়। সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় ইয়াবার চালান বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার জসিমুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এফবি সালেহা’ নামের একটি মাছ ধরার ট্রলারে করে পাচারের সময় এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়ার বড়িগুলোর আনুমানিক মূল্য ১৫ কোটি ৪০ লাখ টাকা।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে গতকাল ভোররাত থেকে সাগরে দ্রুতগামী একটি স্পিডবোটে টহল দিতে থাকে কমান্ডার জসিমুজ্জামানের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল। ভোর পাঁচটার দিকে গতিবিধি সন্দেহজনক হলে নৌবাহিনীর দলটি স্পিডবোটে করে ট্রলারটি ধাওয়া করে। ধাওয়া খেয়ে তীরের কাছাকাছি এসে ট্রলারটি রেখে পাচারকারীরা পালিয়ে যায়।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ট্রলারটিতে থাকা সামুদ্রিক মাছের ভেতরে ২২টি প্যাকেটে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা বড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, ‘ইদানীংকালে এটি সবচেয়ে বড় ইয়াবার চালান। সমুদ্রপথে তারা টেকনাফ থেকে এগুলো নিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। নৌবাহিনী উদ্ধার করা ইয়াবা আমাদের বুঝিয়ে দিয়েছে। এ ব্যাপারে আমি বাদী হয়ে থানায় মামলা করব।’
এদিকে বাকলিয়া থানার পুলিশ সাড়ে ৬০০ ইয়াবা বড়িসহ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নূরজাহান বেগম (৩০), তাহমিনা বেগম (২৬) ও নাজিম উদ্দিন (২৫)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে শহরে ঢোকার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে সাড়ে ৬০০ ইয়াবা পাওয়া যায়।