চট্টগ্রাম-সংলগ্ন গভীর সাগরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের চার নাগরিকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ অভিযান চালায় র্যা ব।
র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, কড়াকড়ির কারণে ইয়াবা পাচারকারীরার এখন টেকনাফ থেকে ট্রলারে করে চট্টগ্রাম না এসে গভীর সাগর দিয়ে বরিশালের দিকে চলে যায়। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে একটি মাছ ধরার ট্রলার বরিশালের দিকে যাচ্ছে। পরে র্যাব সদস্যরা গভীর সাগরে মাছ ধরার ট্রলারটিকে আটক করেন। তাঁরা তল্লাশি চালিয়ে ট্রলারের পাটাতনের নিচ থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেন। এ সময় ট্রলারে থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চার মিয়ানমার নাগরিক নবী হোসেন, শরীফ হোসেন, ইসহাক ও নুরুল আমিন। বাকি তিনজন হলেন মো. শামসুল ও মো. ফারুক (৩৮) ও মো. ফারুক (২৮)।
সোহেল মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, এর আগে ট্রলার করে তাঁরা তিন দফায় ছয় লাখ ইয়াবা বড়ি মিয়ানমার থেকে এনে নৌপথে বরিশালে নিয়ে যান। চতুর্থবারে সাত লাখ ইয়াবা নেওয়ার সময় ধরা পড়েন। এসব ইয়াবার মালিক গ্রেপ্তার হওয়া মো. ফারুক ও তাঁর ব্যবসায়িক অংশীদার আবুল কালাম। মিয়ানমারের চার নাগরিক ট্রলারের মাঝিমাল্লা।