মাছ ধরার নৌকায় মিলল চার লাখ ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার চার লাখ ইয়াবা বড়িসহ ১৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্র জানায়, ইয়াবার বড় একটি চালান মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে করে পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের তিনটি দল গত মঙ্গলবার থেকে শাহপরীর দ্বীপের ঘোলারচর উপকূলে সাগরে অবস্থান করছিল। গতকাল বেলা ১১টার দিকে ঘোলারচরের কাছাকাছি এলাকা দিয়ে একটি নৌকাকে অন্য একটি নৌকার সঙ্গে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে নৌকা দুটি পালানোর চেষ্টা করে।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার জিলহজ ফয়সাল প্রথম আলোকে বলেন, এ সময় কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার লে. ডিকশন চৌধুরীর নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা দুটি স্পিডবোট ও দুটি ট্রলার নিয়ে নৌকা দুটিকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে পাচারকারীরা গভীর সাগরের দিকে যেতে থাকে। একপর্যায়ে নৌকা দুটি লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় পাচারকারীরা নৌকা থেকে দুটি বস্তা সাগরে ফেলে দেয়। একপর্যায়ে কোস্টগার্ডের সদস্যরা নৌকা দুটিসহ ১৯ জনকে আটক করেন। পরে পাচারকারীদের ফেলে দেওয়া দুটি বস্তা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার করা দুটি বস্তায় চার লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। নৌকার দাম ১০ লাখ টাকা। মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি নৌপথে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে টেকনাফে আনা হচ্ছিল।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের দক্ষিণ লেঙ্গুরবিলের শামসু উদ্দিন ওরফে কালা বাম্বু (৩৫); লম্বরীর মো. ইলিয়াছ (২৫), মো. আজিজুল (২২), মকবুল হোসেন (২৫), অজি উল্লাহ (২২), জাহিদ হোসেন (৩০), ফজলুল করিম (২৭), মো. রুবেল (২৫), আনোয়ার হোসেন (২৪), খাইরুল আমিন (২২), মো. আবদুল্লাহ (১৮), আয়ুব আলী (২৪), জাহাঙ্গীর আলম (৩২), রুবেল হোসেন (১৮), রাশেদুল হক (২৬), জিয়াউর রহমান (২২) ও মো. রফিক (১৭); মৌলভীপাড়ার নুরুল আলম (২৫) এবং সাবরাংয়ের মুন্ডার ডেইলের ইমাম হোসেন (৩৫)।
লে. ডিকশন চৌধুরী বলেন, আটক শামসু উদ্দিন ওরফে কালা বাম্বু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তিনি জব্দ করা নৌকা দুটির মালিক। শামসু উদ্দিন দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা পাচার করে আসছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।