মাছ বিক্রির জায়গা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতরা জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ব্যাপারী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সরাইল থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলা সদরের প্রাতবাজারের ফুটপাতে মাছ বিক্রি করার জায়গা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম ও সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিকের পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওসিসহ বেশ কজন পুলিশ সদস্যসহ অর্ধশত লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে যাদের নাম জানা গেছে তাঁরা হলেন, সরাইল থানার ওসি মফিজ উদ্দিন, এসআই মজিবুর রহমান, স্থানীয় বাসিন্দা আবদুল কাদের (২৮), সাচ্ছু মিয়ার (৩০), সাচ্ছু মিয়া, শুক্কুর আলী (৬০)। আহত ব্যক্তিরা জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

এ দিকে আহত অনেকেই গ্রেপ্তার আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, ৮৬ রাউন্ড রাবার বুলেট ও আটটি কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।