মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে পূর্ববিরোধের জের ধরে পূর্ণ চন্দ্র দাস (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পূর্ণ চন্দ্র দাস মাছের ব্যবসা করতেন।
এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন।
পুলিশ জানায়, পূর্ণ চন্দ্র দাসের বাড়ি উপজেলার পরকোট ইউনিয়নের দক্ষিণ দশঘরিয়া গ্রামে। অভিযুক্ত সাইফুলের বাড়িও (৩৩) একই এলাকায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী গতকাল দুপুর ১২টার দিকে দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করছিলেন পূর্ণ চন্দ্র। হঠাৎ ধারালো ছোরা দিয়ে তাঁর গলায় আঘাত করেন সাইফুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আশপাশের লোকজন সাইফুলকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সাইফুলকে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, একটি বাইসাইকেল চুরির ঘটনা নিয়ে সাইফুলের সঙ্গে পূর্ণ চন্দ্রের বিরোধ ছিল। সাইফুলকে আটক করা হয়েছে।