মাছ ব্যবসায়ীকে ভাড়া বাসায় হত্যা
বরিশাল শহরে খালিদ মোহাম্মদ টিপু (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভাড়া বাসায় গত মঙ্গলবার রাতে তাঁকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়।
খালিদ চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানাধীন চর রক্ষীপুর এলাকার মো. সোলায়মানের ছেলে। তিনি তাঁর ছোট ভাইয়ের সঙ্গে বরিশাল শহরে মাছের ব্যবসা করতেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানা-সংলগ্ন কাঠপট্টি এলাকার ব্যবসায়ী মো. তুহিনের বাড়িতে ভাড়া থাকেন দুই ভাই।সেখানেই এ হত্যাকাণ্ড ঘটে।
খালিদের ভাই মো. মুনসুর বলেন, তাঁরা দুই ভাই বরিশালের মৎস্য আড়তে কাজ করেন। চট্টগ্রাম থেকে আসা মাছভর্তি ট্রাক বিভিন্ন আড়তে পৌঁছে দেওয়া তাঁদের কাজ। সাত-আট মাস আগে তাঁরা কাঠপট্টি এলাকার ওই বাসা ভাড়া নেন। মাছ বিক্রির টাকা তাঁরা সব সময় চট্টগ্রামে পাঠিয়ে দেন। মাঝেমধ্যে ভাড়া বাসায়ও টাকা রাখতেন।
মুনসুর বলেন, গত মঙ্গলবার সারা দিন কাজের পর বিকেলে তাঁর ভাই খালিদ কাঠপট্টিতে ভাড়া বাসায় জামাকাপড় পাল্টাতে যান। অনেকক্ষণ পর খালিদ তাঁকে ফোন করে টেবিলের ড্রয়ারের চাবি কোথায় জানতে চান। চাবির কথা বলার সঙ্গে সঙ্গে ফোনের সংযোগটি কেটে যায়। কিছুক্ষণ পর তাঁকে ফোন করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে নয়টার দিকে বাসায় এসে দেখেন দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। ছিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখেন, খালিদ একটি চেয়ারের সঙ্গে বাঁধা। তাঁর গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো। পরে প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খালিদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, দুই ভাই চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের হয়ে বরিশালের বিভিন্ন আড়তে মাছ বিক্রি করতেন। তাঁরা ওই মাছ বিক্রির টাকা চট্টগ্রামে পাঠিয়ে দিতেন। তবে মাঝেমধ্যে মাছ বিক্রির টাকা ভাড়া বাসায় রাখতেন। এটা হয়তো তাঁদের পরিচিত লোকেরা জানতেন। এই টাকার জন্যই খালিদকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় খালিদের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মাছ ব্যবসায়ীর পরিচিতরাই এই হত্যার সঙ্গে জড়িত। খালিদ হয়তো তাঁদের চিনে ফেলেছিলেন। এ কারণে তাঁকে হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।’