
ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িরবাঁধ সেচ প্রকল্পের মৎস্য অভয়াশ্রমের পানিতে এখন দেদার চলছে পাট জাগ। এতে পানি দূষিত হয়ে মরে যাচ্ছে অভয়াশ্রমের মাছ। পাট জাগ দেওয়া পানিতে মাছ মরে ভেসে উঠলেও এ বিষয়ে মাথাব্যথা নেই কারও। অবশ্য অন্যত্র পর্যাপ্ত পানি না পেয়ে এই অভয়াশ্রমে পাট জাগে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন পাটচাষিরা।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষার সময় নদীর পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও আখানগর ইউনিয়নে শুক নদীর ওপর একটি জলফটক (স্লুইসগেট) নির্মাণ করা হয়। ষাটের দশকে নির্মিত এ জলফটকটি বুড়িরবাঁধ সেচ প্রকল্প নামে পরিচিত। পরে সেচ প্রকল্পের ওই এলাকায় মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম গড়ে তোলে। এখানে প্রতিবছরই অধিদপ্তরের পক্ষ থেকে নানা প্রজাতির দেশীয় মাছের পোনা ছাড়া হয়। বছরের একটি নির্দিষ্ট সময় কয়েক দিন স্থানীয় লোকজনের জন্য সেচ প্রকল্পটি উন্মুক্ত করে দেওয়া হয়। তখন জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে মাছ ধরার উৎসবে মেতে ওঠে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, বুড়িরবাঁধ সেচ প্রকল্পের পানিতে ভাসছে পাটের স্তূপ। চাষিরা কেউ পচে যাওয়া পাট থেকে আঁশ ছাড়াতে ব্যস্ত। কেউ পানিতে পাট ভেজাচ্ছেন। পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানিতে মরে ভেসে আছে নানা প্রজাতির মাছ।
পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার পাট কাটা মৌসুমে এলাকায় একেবারেই কম বৃষ্টিপাত হয়েছে। জলাশয়গুলোতে যেটুকু পানি ছিল, তাও প্রচণ্ড তাপে শুকিয়ে গেছে। ফলে পানির অভাবে পাট জাগ দিতে পারছিলেন না তাঁরা। বাধ্য হয়ে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষিরা পাট বয়ে এনে বুড়িরবাঁধ এলাকায় পাট জাগ দিতে শুরু করেন।
সদর উপজেলার পাহারভাঙ্গা গ্রামের পাটচাষি রইস উদ্দিন (৫০) বলেন, প্রচণ্ড গরমে গ্রামের খালের পানি শুকিয়ে গেছে। পাট কাটার পর জাগ দিতে না পেরে পাটগাছ শুকিয়ে যাচ্ছিল। উপায়ন্তর না দেখে তিনি বুড়িরবাঁধের পানিতে পাট জাগ দিতে নিয়ে এসেছেন।
পাট নিয়ে বুড়িরবাঁধে জাগ দিতে এসেছিলেন বালিয়াডাঙ্গীর দৌগাছী গ্রামের পাটচাষি রিপন রায় (৩৯)। তিনি বলেন, ‘জাগ দিতে না পেরে কষ্টের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই দূর হলেও পাটগুলো নিয়ে এখানে এসেছি। এলাকাটি মৎস্য অভয়াশ্রম কি না জানি না।’
চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘প্রতিবছর জুন-জুলাই মাসে বুড়িরবাঁধ এলাকায় যেসব মাছ ছাড়া হয় তা ইউনিয়ন পরিষদ দেখভাল করে। অক্টোবর মাসের শেষ দিকে বাঁধ এলাকা স্থানীয় লোকজনের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়। তখন জেলার বিভিন্ন এলাকার মানুষ এসে মাছ ধরে। এ ছাড়া বছরের অন্য সময় শুধু সেচকাজে প্রকল্পের পানি ব্যবহারের অনুমতি রয়েছে। এ পানিতে পাট জাগ দেওয়ার কোনো সুযোগ নেই। পাট জাগ দেওয়ার কারণে অভয়াশ্রমের মাছ মরে যাচ্ছে।’
বকেশরহাট গ্রামের অনিক রায় (২০) বলেন, ‘আমরা সারা বছর বাঁধের পানিতে গোসল করি। কিন্তু পাট জাগ দেওয়ায় এ বছর দুর্গন্ধে পানিতে নামা যাচ্ছে না। এ কারণে আমরা বাঁধে গোসল করা বন্ধ করে দিয়েছি।’
বুড়িরবাঁধ এলাকার চা-পানের দোকানি মো. ইমরান বলেন, ‘এবার বিভিন্ন এলাকা থেকে চাষিরা পাট এনে বাঁধের পানিতে জাগ দিচ্ছে। এতে পানি থেকে দুর্গন্ধ আসছে। মাছও মরে যেতে শুরু করেছে।’
জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, পাট পচে পানিতে দ্রবীভূত অক্সিজেন শুষে নেয়। এতে পানি দূষিত হয়ে মাছ আর শ্বাস-প্রশ্বাস নিতে পারে না। তিনি বলেন, ‘মৎস্য অভয়াশ্রম এলাকায় কোনোভাবেই পাট জাগ দেওয়া ঠিক না।’ বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে ভালো হয় বলে মত প্রকাশ করেন তিনি। তবে ইউএনও আশরাফুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।