মাছ লুটের সময় ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা শান্তিনগর এলাকার একটি মৎস্য খামার থেকে মাছ লুটপাটের সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে বটিয়াঘাটা থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় জাল, নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ভোরের ওই ঘটনার পর গতকালই ওই মৎস্য খামারের পাহারাদার আবদুস সাত্তার খাঁর ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন। এ ঘটনায় আবদুস সাত্তার থানায় একটি মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার রাতে জামাল বয়াতির নেতৃত্বে একটি দল শান্তিনগর এলাকায় রাঙ্গেমারি মৌজার ব্যবসায়ী মাসুদুর রহমানের মাছের খামারে জাল ফেলে মাছ ধরতে শুরু করে। খবর পেয়ে গতকাল ভোরে বটিয়াঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামাল বয়াতিসহ ছয়জনকে আটক করে। এ সময় পুলিশ তাঁদের ব্যবহৃত মাছ ধরার জাল, নৌকাসহ নানা ধরনের সরঞ্জাম জব্দ করে।
মৎস্য খামারের ব্যবস্থাপক সুলতান জানান, কয়েক দিন ধরে নবজলমা চক্রাখালী গ্রামের বাসিন্দা জামাল, সুমন, সবুজ, মুরছালিন, লিয়াকত, ইমরান, আসাবুর, লিটন, শওকত ও সোহাগ তাঁদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দিবাগত রাত একটার দিকে জামাল ও তাঁর সহযোগীরা খামারের আটটি সাইনবোর্ড ভেঙে ফেলে। তারা খামারে নৌকা ঢুকিয়ে মাছ লুট শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে অগ্নিকাণ্ড সম্পর্কে পাহারাদার আবদুস সাত্তার খাঁ বলেন, ‘আমি ঘরে ছিলাম না। আমার মা, স্ত্রী ও তিন সন্তান ঘুমাচ্ছিল। ভোরে হঠাৎ গোলপাতার ঘরে আগুন দেখতে পেয়ে তারা চিৎকার করে। পরে প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাহারাদার আবদুস সাত্তার বাদী হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।